চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে শফি মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শফি মন্ডল খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে শফি মন্ডল বাড়ির নিকটস্থ মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এরপর তিনি বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
নিহতের বাবা নূর বাক্স মন্ডল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথেই তার ছেলে সাপের দংশনের শিকার হন। এদিকে, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই দুঃখজনক ঘটনার কথা নিশ্চিত করেছেন।
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৯





