৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

প্রকাশ:

ইরানের বিরুদ্ধে চলমান টানা সাত মাসের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কৌশলগত মজুতে মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসে জমা দেওয়া একটি প্রতিবেদনে দেশটির প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সতর্কবার্তা দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’-তে যুক্তরাষ্ট্রের প্রায় ৩ হাজার ৩৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ব্যবহারের পেছনেই ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ২৩০ কোটি ডলার। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ২৮ ফেব্রুয়ারি এই অভিযান শুরু করেছিল। দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত মজুতে এই উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় গোলাবারুদের সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন প্রতিরক্ষা শিল্পে দ্রুত উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। তবে বর্তমান পরিস্থিতিতে এই উৎপাদন দ্রুত বৃদ্ধি করা বেশ কঠিন হতে পারে বলে প্রতিরক্ষা দপ্তর স্বীকার করেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীর গোলাবারুদের ঘাটতির খবর একাধিকবার নাকচ করেছিলেন। তবে এবার তার প্রশাসনের অধীন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের আনুষ্ঠানিক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি কংগ্রেসের সামনে উঠে এলো।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৩৩

শেয়ার করুন