বাবার দাফনের পর প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন মুজতাবা খামেনি

প্রকাশ:

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন তার ছেলে মুজতাবা খামেনি। বাবার ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার অঙ্গীকার করে তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা।’ শনিবার (১১ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুজতাবা খামেনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই একই হামলায় মুজতাবা খামেনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন।

আহত হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি মুজতাবা খামেনিকে। এমনকি বাবা ও স্ত্রীর জানাজাতেও তিনি অংশ নিতে পারেননি। বাবার মৃত্যুর পর তাকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়। মূলত গত মার্চ মাসে আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পরিকল্পনা করা হলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে তা স্থগিত রাখতে হয়েছিল।

শেয়ার করুন