৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে জাহাজে মাইন হামলার ইরানি দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশ:

হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এল গাইয়া’ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই দাবি করেছিল। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, জাহাজটি আসলে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, গত মাসে জাহাজটি প্রথমে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অচল হয়ে পড়ে। এরপর চলতি সপ্তাহের শেষভাগে ওমানের উপকূলীয় জলসীমায় অবস্থান করার সময় জাহাজটিতে আবারও ড্রোন হামলা চালায় ইরান। অথচ আইআরজিসি দাবি করেছিল, হরমুজ প্রণালিতে চলাচলের সময় ‘এল গাইয়া’ কেবল একটি নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বর্তমানে একটি আঞ্চলিক অংশীদার দেশ ক্ষতিগ্রস্ত জাহাজটিকে টেনে নিয়ে যাচ্ছে। সেন্টকমের মতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে ইরান যে ‘মিথ্যা দাবি ও ভয় দেখানোর চেষ্টা’ চালাচ্ছে, আইআরজিসির এই বক্তব্য তারই আরেকটি প্রমাণ।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত। সম্প্রতি এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে উপর্যুপরি হামলা ও নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার করুন