চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের একটি বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি পূর্বে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করতে অস্ত্রটির প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
শুক্রবার কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জুয়েল মজুমদার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি ব্রাজিলের টরাস (TAURUS) কোম্পানির তৈরি ৯ এমএম ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। পিস্তলের এক পাশে ইংরেজিতে ‘টরাস’ এবং অপর পাশে ‘মেড ইন ব্রাজিল’ খোদাই করা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় রয়েছে, তবে পিস্তলটির সাথে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। এটি টরাসের জি৩ সিরিজের মডেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ ধরনের পিস্তল বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও ব্যবহৃত হয়ে থাকে। উদ্ধার হওয়া অস্ত্রটি কোনো সরকারি সংস্থার বরাদ্দকৃত কি না বা পূর্বে লুট হওয়া অস্ত্রের তালিকায় অন্তর্ভুক্ত কি না, তা ব্যালিস্টিক পরীক্ষা ও তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে পিস্তলটি জব্দ করে কর্ণফুলী থানায় রাখা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মো. ইখতিয়ারউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। অস্ত্রটির উৎস, মালিকানা এবং কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না—সব দিক যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





