৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনা রুখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা

প্রকাশ:

কাতারে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে চালকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ঘটে যাওয়া একাধিক সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে ৪টি প্রধান ঝুঁকিপূর্ণ কারণ চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিটি ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণের জন্য চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। কাতারের সড়কগুলোতে নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করতে এবং মারাত্মক দুর্ঘটনা রোধে চালকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান ৪টি কারণ হিসেবে উঠে এসেছে—অসাবধানতাবশত বা হঠাৎ লেন পরিবর্তন, গাড়ি চালানোর সময় মনোযোগের অভাব, সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং খালি রাস্তা না দেখে হঠাৎ প্রধান সড়কে প্রবেশ কিংবা টার্ন নেওয়া।

লেন পরিবর্তনের বিষয়ে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, পাশের লেন খালি আছে কি না তা নিশ্চিত না হয়ে দ্রুত গাড়ি ঘোরানো অত্যন্ত বিপজ্জনক। এই অসাবধানতার কারণে পেছনের বা পাশের গাড়িগুলো ঝুঁকিতে পড়ে এবং সংঘর্ষের সম্ভাবনা বহুগুণ বাড়ে। অন্যদিকে, গাড়ি চালানোর সময় পূর্ণ মনোযোগ না থাকলে চালকের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, যা নিয়ন্ত্রণ হারানোর বড় কারণ। এই ধরনের হঠাৎ করা সিদ্ধান্ত পাশের বা পেছনের গাড়িগুলোকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়, যার ফলে মুখোমুখি বা পেছনের সংঘর্ষের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়।

সামনের গাড়ির একদম কাছাকাছি না চালিয়ে পর্যাপ্ত দূরত্ব রাখার ওপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় দূরত্ব না থাকলে সামনের গাড়িটি হঠাৎ ব্রেক করলে পেছনের গাড়ি সামলানোর সময় পাওয়া যায় না। এছাড়া সংযোগ সড়ক থেকে মূল রাস্তায় নামার সময় তাড়াহুড়ো করাও মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। কাতারজুড়ে দুর্ঘটনা কমিয়ে নাগরিক ও প্রবাসীদের জন্য পথঘাট নিরাপদ করতেই এই সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাফিক আইনকানুন মেনে গাড়ি চালালে কেবল চালক নিজেই সুরক্ষিত থাকবেন না, বরং দেশের সামগ্রিক সড়ক ব্যবস্থা অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শেয়ার করুন