ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু মোকাবিলায় যুবদলের উদ্যোগে দেশজুড়ে এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সংগঠনটির জেলা, মহানগর এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিতভাবে মাঠপর্যায়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।





