চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে: বিমানমন্ত্রী

প্রকাশ:

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, এই ট্রেনগুলো ঘণ্টায় সাড়ে ৩শ কিলোমিটার বেগে চলতে সক্ষম, তবে আমাদের দেশে গতি কিছুটা কম হলেও সমস্যা নেই। রোববার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আর দুই-তিন বছর ক্ষমতায় থাকতো, তবে বাংলাদেশ সিকিমের মতো পরাধীন হয়ে যেত। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে থাকা সরকারি দপ্তরের কর্মকর্তাদের ইচ্ছামতো নির্দেশনায় গত ২০ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং হাজার হাজার কোটি টাকা পাচারের ফলে দেশ পিছিয়ে পড়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ সালে আমরা সার্বভৌমত্ব অর্জন করেছি। যারা এই অর্জনে জীবন দিয়েছেন, তাদের চেতনা ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার ফিরে আসার চিন্তা একটি দুরাশা। বরং তাদের নিজেদের শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বে এমন কোনো নজির নেই যেখানে গণঅভ্যুত্থানে পুরো সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও নেতারা একসাথে পালিয়ে গেছে।

দেশের বিমান চলাচল ব্যবস্থা নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮টি বিমানবন্দর সচল থাকলেও কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। আগামী ১০ বছরের মধ্যে একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া শেরপুরের পর্যটন উন্নয়নে ঝিনাইগাতীতে মোটেল নির্মাণ এবং আকস্মিক পাহাড়ি ঢল থেকে রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণের মতো নানা প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন