দেশে বর্তমানে একের পর এক সংকট ও বিভিন্ন কারিগরি ত্রুটির ঘটনা ঘটছে। এসব ঘটনা নিছক দুর্ঘটনা, নাশকতা নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ—তা নিয়ে এখন ভাববার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো ধরনের চক্রান্ত কাজ করছে কি না, তা খতিয়ে দেখার ওপর জোর দিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিরোধীদল হিসেবে সরকারের সমালোচনা করা বা কর্মসূচি দেওয়া স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। তবে অহেতুক বা অলীক বিষয় নিয়ে অতিরিক্ত হইচই সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করে না। তাই বিরোধীদলের উচিত বাস্তবসম্মত বিষয়গুলো নিয়ে কথা বলা।
দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাত্র ছয় মাসের পুরনো এই সরকার সব সংকটের জন্য দায়ী নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে। মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সেটি বন্ধ রয়েছে এবং ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট নষ্ট হওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। রিজভী প্রশ্ন তোলেন, একের পর এক কারিগরি ত্রুটি কেন হচ্ছে এবং কেন একটির পর একটি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে—তা নিয়ে মানুষের মনে রহস্য ও সন্দেহের উদ্রেক হওয়া স্বাভাবিক। সরকার চুক্তির আওতায় বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধ করা সত্ত্বেও কেন এই সমস্যাগুলো কাটছে না, সেটিও বড় প্রশ্ন।
সাম্প্রতিক সামাজিক ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, রংপুরে একই পরিবারের চারজন হিন্দু সম্প্রদায়ের সদস্যকে হত্যার ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। এছাড়া সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসহায় মানুষকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের সুবিধা পরিবারের নারী অভিভাবকের কাছে প্রদানের সিদ্ধান্তকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা ৬১ লাখ থেকে বাড়িয়ে ৬২ লাখ করা হয়েছে বলেও তিনি জানান।





