জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

প্রকাশ:

দেশের মানুষ ভালো নেই এবং রাষ্ট্রও ভালো নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, বর্তমানে দেশে সার ও বিদ্যুতের সংকট চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের স্থানীয় একটি মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের এই কষ্টের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই সরকার আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে।

বগুড়া সফরের অংশ হিসেবে এদিন সকালে তিনি মানিকপোটল গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। কবর জিয়ারত শেষে স্থানীয় মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির।

মাদরাসা মাঠে পৌঁছালে স্থানীয় লোকজন ডা. শফিকুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তিনি উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন এবং ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন ডা. শফিকুর রহমান এবং শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি ধুনটের উদ্দেশে রওনা হয়েছিলেন।

শেয়ার করুন