প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের ছোট দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের জন্য ১ হাজার টাকা এবং জেলা সদর ও জেলা পৌর শহর এলাকার জন্য ২ হাজার টাকা হারে ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
ভ্যাট পরিশোধ প্রক্রিয়াকে সহজতর করার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ জমার সুযোগ রাখার পরিকল্পনা করছে এনবিআর। এছাড়া ভবিষ্যতে এই কার্যক্রম পরিচালনার জন্য একটি পৃথক অ্যাপ চালুরও চিন্তা রয়েছে তাদের।
এনবিআর সূত্রে জানা গেছে, এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলার বাজার, বিপণিবিতান ও দোকানের তথ্য সংগ্রহের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সংগৃহীত তথ্যের মধ্যে দোকানের সংখ্যা, দোকানের ধরন এবং অবস্থানসহ বিভিন্ন পরিসংখ্যান অন্তর্ভুক্ত রয়েছে। পরবর্তী ধাপে ইউনিয়ন পর্যায় থেকেও একই ধরনের তথ্য সংগ্রহ করা হবে।
এনবিআরের সংগৃহীত তালিকার তথ্যানুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার নুর নাহার প্লাজায় ৫২টি দোকান রয়েছে, যার মধ্যে চারটি দোকানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) আছে। এছাড়া রংপুর সিটির বেতপট্টি বাজারে ১২১টি এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী বাজারে ৫০টি দোকানের তথ্য পাওয়া গেছে।





