দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ তাদের সেবার পরিধি বাড়াতে রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি শাখার যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মিরপুর মডেল থানা রোডে প্রায় ৯,০০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই নতুন শাখাটি চালুর মাধ্যমে দেশজুড়ে স্বপ্নের মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬১টিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অফ অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অফ অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ান।
নতুন এই আউটলেটের উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য এবং মানসম্মত সেবা পৌঁছে দিতে স্বপ্ন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। মিরপুর-২ এর স্থানীয় বাসিন্দারা এখন থেকে এই আউটলেটের মাধ্যমে উন্নত মানের পণ্য ও সেবা আরও সহজে পাবেন। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের কেনাকাটার সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তাদের।
নতুন এই স্টোরে গ্রাহকরা গ্রোসারি পণ্য, তাজা ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, বেকারি আইটেমসহ ব্যক্তিগত ও গৃহস্থালির প্রয়োজনীয় পণ্যগুলো এক ছাদের নিচে পাবেন। আধুনিক লেআউট এবং শীতাতপনিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশে দ্রুত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে এই আউটলেটটি। উদ্বোধনী উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যে বিশেষ অফার ও আকর্ষণীয় মূল্যছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া বছরজুড়ে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের উন্নত কেনাকাটার অভিজ্ঞতা প্রদানে কাজ করছে প্রতিষ্ঠানটি।





