আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস

প্রকাশ:

ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও ৫টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (১০ জুলাই) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এসব অঞ্চলের সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধির ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টা এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

অন্যদিকে, দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। তবে একই সময়ে গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে হ্রাস পেতে পারে, যার ফলে ওইসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীর পানিও হ্রাস পেয়েছে এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ধীরে হ্রাস পেয়ে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন