জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাজমুল আহসান কলিমুল্লাহকে

প্রকাশ:

জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল এলাকায় তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ প্রদান করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন তরিকুল ইসলাম রুবেল। রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রুবেল। পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। গত ৭ সেপ্টেম্বর কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির সময় কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন দাবি করেন যে, কলিমুল্লাহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এর বিপরীতে কলিমুল্লাহর আইনজীবী মহসিন রেজা বলেন, ‘এ আসামির রাজনৈতিক কোনো পদ নেই, তিনি একজন প্রফেসর। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ বহন করতেন। তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।’

আদালতের অনুমতি নিয়ে কলিমুল্লাহ নিজের বক্তব্যে বলেন, ‘আমি ছাত্রজীবন এবং আমার শিক্ষকতার জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনো নেই। আমি ভিসি থাকাকালীন তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। এতে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং কথা বলেছি। আমি একজন শিক্ষক। এর বাইরে আর কিছু না।’

উল্লেখ্য, গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে ডিবি পুলিশ কলিমুল্লাহকে গ্রেপ্তার করে। ওই দিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। উচ্চ আদালত থেকে গত ১৪ জুন জামিন পেলেও ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়। ওই মামলায় সম্প্রতি জামিন পাওয়ার পর এবার কাফরুল থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। তিনি বর্তমানে কারাগারেই রয়েছেন।

শেয়ার করুন