রিপাবলিকানরা জিতলে প্রত্যেককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

প্রকাশ:

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হলে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডালাসে আয়োজিত রিপাবলিকানদের নির্বাচন বিষয়ক এক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প এটিকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে অভিহিত করেছেন। তবে এই বিশাল অংকের অর্থ কোথা থেকে আসবে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। তাত্ত্বিকভাবে এই প্রকল্পের ব্যয় ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এ প্রসঙ্গে ট্রাম্প শুধু উল্লেখ করেন যে, তাদের দেশ প্রচুর অর্থ আয় করছে।

সম্মেলনে ট্রাম্প তার সমর্থকদের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি আপনাদের বলছি, ধরে নিন আমি ব্যালটে আছি।’ তিনি নিজের জনপ্রিয়তার দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমি ব্যালটে আছি, আমি ব্যালটে আছি—আর মাত্র একবার।’ যদিও বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩০ শতাংশের ঘরে রয়েছে এবং উচ্চমূল্য ও ইরান ইস্যুতে ভোটারদের মধ্যে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। ডিসিশন ডেস্ক এইচকিউ-এর পূর্বাভাস অনুযায়ী, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৩০-২০৫ আসনে জয়ী হতে পারে এবং সিনেটে ৫১-৪৯ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি ও যুদ্ধের পক্ষে জোরালো সাফাই গেয়ে ট্রাম্প দাবি করেন, যুদ্ধে জয়ী হলে তেলের দাম কমে আসবে। তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনেরও ইঙ্গিত দেন। তিনি বলেন, খাদ্য ও অন্যান্য পণ্যের দাম দ্রুত কমছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করলে তেলের দাম আরও হ্রাস পাবে। এছাড়া সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রে কমিউনিজমের কথিত ঢেউয়ের হুমকি নিয়ে সতর্ক করে বলেন, বিরোধীরা জিতলে দেশটি কমিউনিস্ট দেশে পরিণত হবে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভোটই সিদ্ধান্ত নেবে, আমাদের দেশ আগামী ২৫০ বছরের শুরুতে হোঁচট খাবে, নাকি সামনে এগিয়ে যাবে।’

উল্লেখ্য যে, সম্মেলনের সমাপনী অধিবেশনে ট্রাম্পের পুনরায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মূল বক্তব্য রাখবেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীরাও এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন