বেলুচিস্তানে অপারেশন শাবানে আরও ১৩ সন্ত্রাসী নিহত

প্রকাশ:

পাকিস্তানের বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’ নামক নিরাপত্তা অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নতুন হতাহতের ফলে অভিযানে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে এই অভিযান শুরু করে। গত ৬ জুলাই থেকে জিয়াত পর্বতের দুর্গম এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের গতি আরও বাড়ানো হয়।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছিলেন, ভারতের উসকানিতে এই সন্ত্রাসীরা পুলিশ চেকপোস্টে হামলা চালায়। সেই প্রাথমিক সংঘাতে কর্তব্যরত পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে লড়াই করে ১৫ জন চরমপন্থীকে নির্মূল করেছিলেন। তবে ওই সংঘর্ষে ৯ জন পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরও জানান, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা বেশ কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে নিয়ে যায়। তিনি বলেন, “আমাদের সন্তানরা জিম্মি থাকায়” নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে সন্ত্রাসীদের চারপাশ থেকে ঘিরে ফেলে। অভিযানের ঘেরাটোপ ছোট হয়ে আসছে বুঝতে পেরে কাপুরুষ সন্ত্রাসীরা জিম্মি থাকা ১৮ জন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে।

শেয়ার করুন