বিশ্বের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনায় এটি স্পষ্ট যে, আমরা প্যাক্স আমেরিকার সম্পূর্ণ বিলুপ্তির পথে নেই, বরং এর একচ্ছত্র আধিপত্যের ক্ষয়প্রক্রিয়া প্রত্যক্ষ করছি। যদিও যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের প্রধান সামরিক ও অর্থনৈতিক শক্তি এবং মার্কিন ডলার আন্তর্জাতিক অর্থব্যবস্থার মূল ভিত্তি হিসেবে টিকে আছে, তবুও বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। চীন এখন বিকল্প অর্থনৈতিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে তুলেছে, রাশিয়া সামরিক ও বৈশ্বিক রাজনীতিতে নিজস্ব প্রভাব বজায় রেখেছে এবং ভারত ক্রমবর্ধমান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। একই সাথে সৌদি আরব, তুরস্ক ও ইরানের মতো দেশগুলো আঞ্চলিক স্তরে স্বতন্ত্র মেরু হিসেবে কাজ করছে। ফলে বিশ্ব এখন কোনো একক প্যাক্সের অধীনে নয়, বরং প্যাক্স মাল্টিপোলারিস বা বহুমেরু ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, যেখানে বৈশ্বিক নিয়ম ও ভারসাম্য নির্ধারিত হবে ধারাবাহিক দরকষাকষি, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং কৌশলগত দ্বৈরথের মাধ্যমে।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিশ্ব মূলত ক্ষমতার কেন্দ্র পরিবর্তনের ইতিহাস। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপীয় শক্তিগুলো মানচিত্র নতুন করে এঁকেছিল। উনিশ শতকে শিল্পবিপ্লব ও রয়্যাল নেভির নৌশক্তিতে ভর করে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল প্যাক্স ব্রিটানিকা। ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধের পর ব্রিটেন বিশ্বের প্রধান অর্থনৈতিক পরাশক্তি হয়ে ওঠে এবং ভারত মহাসাগর থেকে সুয়েজ খাল পর্যন্ত বাণিজ্যের জাল বিস্তার করে। তবে এই 'শান্তি' বা প্যাক্স-এর আড়ালে ছিল উপনিবেশগুলোতে শোষণ ও নিপীড়নের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যখন অর্থনীতি, সামরিক শক্তি ও প্রযুক্তিকে নিজের নেতৃত্বে সংগঠিত করে, তখন প্যাক্স আমেরিকার সূচনা হয়।
বর্তমানের ভূরাজনৈতিক আলোচনায় 'প্যাক্স জুডাইকা' নামক একটি অস্পষ্ট ধারণার উদ্ভব ঘটছে। এটি কোনো স্বীকৃত আন্তর্জাতিক ব্যবস্থা নয়, বরং ইসরাইলের সামরিক শক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের কৌশলগত সম্পর্কের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্যের ব্যাখ্যা দেওয়ার একটি প্রচেষ্টা। তবে আসল প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও তার মিত্রদের কেন্দ্র করে নতুন কোনো নিরাপত্তা কাঠামো তৈরি হচ্ছে কি না এবং এর বিপরীতে চীন, ইরান, সৌদি আরব, তুরস্ক ও ভারতের অবস্থান কী হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশের মতো দেশের জন্য কী তাৎপর্য বহন করে, তা এখন বড় গবেষণার বিষয়।





