ইতালিতে হেনস্তার শিকার বাঁধন, পাশে দাঁড়ালেন শোবিজ তারকারা

প্রকাশ:

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

বাঁধনের এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন পরীমণি, মম, সাফা কবির ও মৌসুমী হামিদসহ আরও অনেকে।

ঘটনার প্রতিক্রিয়ায় পরীমণি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, বিষয়টিকে তুচ্ছ করে যারা দেখছেন তাদের কাছে মানুষের কষ্টের কোনো মূল্য নেই। সাফা কবির বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি জানিয়ে বলেন, দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীর এমন অপমান বা আতঙ্কের অভিজ্ঞতা কোনোভাবেই কাম্য নয়। সাফা আরও বলেন, শিল্পীদের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জড়িয়ে ফেলা উচিত নয়; সত্য ও ন্যায় প্রতিষ্ঠার স্বাধীনতা একজন শিল্পীর মৌলিক অধিকার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অভিনেত্রী মৌসুমী হামিদ বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, শিল্পী হওয়াটা যেন এখন পাপের কাজ হয়ে দাঁড়িয়েছে। ৩২ নম্বর কিংবা ভেনিস—কোথাও শিল্পীর ওপর হামলার কোনো বৈধতা নেই বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিল্পীকে বিচার করার প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়ে মৌসুমী বলেন, অতীতে ৩২ নম্বরে হামলার সময় যারা বাঁধনের নীরবতার সমালোচনা করেছিলেন, তাদের কেউ কেউ এখন ভেনিসের ঘটনাকে সমর্থন করছেন, যা সমাজে বিভাজন তৈরি করে। তিনি আরও বলেন, শিল্পীকে তার কাজ ও মনুষ্যত্ব দিয়ে মূল্যায়ন করা উচিত, রাজনৈতিক পরিচয় দিয়ে নয়।

বাঁধনের হেনস্তার বিষয়টি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং শোবিজ অঙ্গনের তারকারা বলছেন যে, একজন শিল্পীর সম্মান ও নিরাপত্তা কোনোভাবেই রাজনীতির বলি হওয়া উচিত নয়।

শেয়ার করুন