দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন সফররত জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই স্যাসাকাওয়া প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়ন সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন যে, বর্তমানে বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, সুরক্ষা, আশ্রয় এবং অন্যান্য জরুরি মানবিক কার্যক্রম অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
আলোচনায় রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।
জবাবে প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে। একই সাথে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণের বিষয়েও তারা আশাবাদ প্রকাশ করেছে।





