ত্বকের যত্নে নিয়মিত যে রুটিন মেনে চলেন মালাইকা অরোরা

প্রকাশ:

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার নাচের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত হলেও, ৫২ বছর বয়সী এই তারকা নিজের রূপ ও স্বাস্থ্যের বিষয়েও অত্যন্ত সচেতন। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ত্বকের যত্নের বিস্তারিত রুটিন ভক্তদের কাছে তুলে ধরেছেন।

ভিডিওতে মালাইকা ব্যাখ্যা করেন, দিনের শেষে মেকআপ পুরোপুরি তুলে ফেলা অত্যন্ত জরুরি। তিনি ক্লিনজিং বাম ব্যবহার করে ডাবল ক্লিনজিং পদ্ধতি অনুসরণ করেন, যা মেকআপ এবং ত্বকের গভীরে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে। এই প্রক্রিয়ার পর তিনি হালকা গরম পানিতে ভেজানো একটি কাপড় দিয়ে মুখ মুছে নেন এবং দ্বিতীয় ধাপে একটি সাধারণ ক্লিনজার ব্যবহার করে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলেন।

মুখ পরিষ্কার করার পর মালাইকা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ মনোযোগ দেন। তিনি প্রথমে মুখে মিস্ট স্প্রে করেন এবং এরপর হায়ালুরোনিক অ্যাসিডভিত্তিক একটি প্রোডাক্ট ব্যবহার করেন। এরপর তিনি একটি পেপটাইড সিরাম ব্যবহার করেন, যা নিয়ে তিনি বেশ আগ্রহী বলে জানান। তার রাতের রুটিনে আরও রয়েছে একটি তেল-ভিত্তিক নাইট সিরাম, যা ব্যবহারে তিনি নিজেকে অনেকটা আসক্ত বলে উল্লেখ করেন।

পরবর্তী ধাপে তিনি চোখের ক্রিম লাগান এবং ত্বক কিছুটা শুষ্ক মনে হলে অতিরিক্ত হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার করেন। তিনি পরামর্শ দেন যে, হাতে লেগে থাকা অতিরিক্ত প্রোডাক্ট নষ্ট না করে তা ত্বকে ভালোভাবে লাগিয়ে নেওয়া উচিত। সবশেষে ঠোঁটে বাম ব্যবহার করে তিনি তার রাতের ত্বকের পরিচর্যা শেষ করেন এবং ভক্তদের শুভরাত্রি জানিয়ে ভিডিও শেষ করেন।

ব্যক্তিগত জীবনে ১৯৯৮ সালে মালাইকা অরোরা অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন। তাদের আরহান খান নামে এক ছেলে রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। বলিউডের আইকনিক আইটেম গান ‘ছাইয়া ছাইয়া’ এবং ‘মুন্নি বদনাম হুই’-এর মাধ্যমে তিনি হিন্দি সিনেমার ইতিহাসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

শেয়ার করুন