দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে নিম্নস্তরের সিগারেটের মূল্য নির্ধারণের পাশাপাশি স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করেছিল। মূলত 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২'-এর আওতায় এই পরিবর্তন আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিগারেটের এই নতুন দাম নির্ধারণের ফলে বাজারে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য হ্রাস পাবে এবং সরকারি রাজস্ব ঘাটতিও কমে আসবে বলে আশা করা হচ্ছে।





