১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বিরোধীদলীয় নেতাকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী-বিধির ৬৮ বিধির আওতায় আলোচনার এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

আলোচনার সময় বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী যখন ১০০ থেকে ১৫০ টাকা খরচে দুপুরের খাবার খান, তখন তা দেখে আমরা উৎসাহিত হই। তিনি আরও বলেন, এত কম টাকায় নিজের খাবার খরচ মেটানো তার পক্ষেও সম্ভব হয় না এবং তার খরচ কিছুটা বেশি হয়। এ সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় বিরোধীদলীয় নেতাকে তার সাথে খাবার খাওয়ার আমন্ত্রণ জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়া বিরোধীদলীয় নেতাকে সেই খাবারের বিষয়ে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন।

এর জবাবে শফিকুর রহমান বলেন, তিনি এই আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ, তবে তিনি একা খেতে চান না বরং ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে খেতে চান। তিনি প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপন ও জাঁকজমকহীন চলাফেরার ভূয়সী প্রশংসা করেন এবং একে অনুসরণযোগ্য বলে মন্তব্য করেন। তবে তিনি সমালোচনা করে বলেন, যারা প্রধানমন্ত্রীকে নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, তাদের আচরণে অনেক সময় তার বিপরীত চিত্র দেখা যায়। তিনি আরও বলেন, কাউকে আইকন বললে তার ভালো দিকগুলো অনুসরণ করা উচিত।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে, প্রধানমন্ত্রী ভুলের ঊর্ধ্বে নন এবং প্রধানমন্ত্রীর সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই। এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন