ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

প্রকাশ:

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজের ওপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। বাঁধন দাবি করেছেন, আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা তার ওপর এই হামলা চালিয়েছে। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ফেসবুক লাইভে অভিনেত্রী জানান, তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল বাঙালি এসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা তার শরীরে পানি ও কোক ছুড়ে মারে, এতে তিনি সম্পূর্ণ ভিজে যান। এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাও ছিল।

তিনি আরও জানান, হামলাকারীরা তার শরীরে হাত তুলেছে এবং তার ফোন ফেলে দিয়েছে। তার কানের পাশে আঘাত করা হয়েছে। বাঁধন বলেন, হামলাকারীরা তাকে জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে চিহ্নিত করে এবং জোরপূর্বক ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে। তারা পুরো ঘটনাটি ভিডিও করেছে এবং লাইভ প্রচার করেছে।

ভিডিওর এক পর্যায়ে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই।’ তিনি আরও মন্তব্য করেন যে, হামলাকারীরা হয়তো ভেবেছে এ ধরনের আচরণের মাধ্যমে তারা নিজেদের জায়গাটা পুনরায় সুগঠিত করতে পারবে।

শেয়ার করুন