বেলকুচিতে যমুনা তীরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ সম্পন্ন

প্রকাশ:

গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘পানসি ও কোষা নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসী যৌথভাবে এই সংবর্ধনা ও প্রতিযোগিতার আয়োজন করে।

গত ৪ সেপ্টেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী চলা এই আয়োজনে ১৮টি পানসি ও ১৬টি কোষা নৌকার সমন্বয়ে প্রায় ৩ হাজার বাইছাল মাঝি অংশ নেন। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে সর্বস্তরের উৎসুক জনতার ঢল নামে এবং এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সফল ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতাটির সমাপ্তি ঘটে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার সোহেল। এ সময় অন্যান্যদের মধ্যে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা ও দেশীয় লোকজ ঐতিহ্য সংরক্ষণে ঢাকা ব্যাংক টানা চতুর্থবারের মতো এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমুখী ও সাংস্কৃতিক উদ্যোগে সহায়তার ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন