কুড়িগ্রামের রৌমারীতে সারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পর একটি ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট করার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে রৌমারী মহিলা কলেজপাড়াস্থ মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজ নামক ডিলার পয়েন্টে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী কৃষকদের ভাষ্যমতে, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই ডিলার পয়েন্টে গভীর রাত থেকেই সারের অপেক্ষায় ছিলেন স্থানীয় কৃষকরা। দীর্ঘ সময় পার হওয়ার পরও ডিলার সার বিতরণ করতে না আসায় সকাল ১১টার দিকে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে শতাধিক সারের বস্তা নিয়ে যায়।
মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার মো. মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৯টায় সার বিতরণের সময় নির্ধারিত ছিল। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি প্রশাসনের সহযোগিতা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়েছিলেন। তিনি ফিরে আসার আগেই ধৈর্যহারা কৃষকরা গোডাউন থেকে সার নিয়ে যান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া জানিয়েছেন, এলাকায় সারের কোনো সংকট নেই। তিনি কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল থেকে খোলাবাজারে সার বিতরণের ব্যবস্থা করা হবে, যা সারের গুজব নিরসনে সহায়তা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান জানান, তিনি নিজে বিভিন্ন ডিলার পয়েন্ট মনিটরিং করছেন। একটি পয়েন্টে বিশৃঙ্খলা সৃষ্টির পর তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।





