বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল তার ব্যক্তিগত জীবনে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। 'দ্য মেল ফেমিনিস্ট' পডকাস্টে শ্রেয়া জানান, তিনি শিলাদিত্যর মতো একজন জীবনসঙ্গী পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন। তাদের সমতাভিত্তিক দাম্পত্য জীবনের কথা তুলে ধরে গায়িকা বলেন, সংসারের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া এবং একে অপরের কর্মজীবনের প্রতি শ্রদ্ধাশীল থাকাই তাদের সম্পর্কের মূল ভিত্তি।
শ্রেয়া জানান, শিলাদিত্য সংসারের বিভিন্ন কাজে নিজে থেকেই সক্রিয় থাকেন। এমনকি নিজের বাসন মাজা কিংবা রান্নাঘর পরিষ্কার করার মতো কাজগুলো তিনি নিজেই করতে পছন্দ করেন। শ্রেয়া যদি এসব কাজে সাহায্য করতে যান, তবে শিলাদিত্য বরং বিরক্তই হন। গায়িকা আরও বলেন, দুজনেই নিজেদের পেশাগত জীবনে অত্যন্ত ব্যস্ত, তাই সংসার সামলানোর দায়িত্ব তারা যৌথভাবেই পালন করেন।
কাজের প্রয়োজনে শ্রেয়াকে অনেক সময় মাসের পর মাস বাড়ির বাইরে থাকতে হয়। এই দীর্ঘ অনুপস্থিতি নিয়েও শিলাদিত্যর মধ্যে কোনো অভিযোগ নেই। শ্রেয়া জানান, প্রেমের সময় থেকেই শিলাদিত্য তাকে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। তাদের সম্পর্কের মধ্যে কোনো অহমিকা নেই এবং দুজনেই একে অপরের পেশাগত ব্যস্ততাকে গুরুত্ব দেন। তাদের বাবা-মায়েরা সবকিছু নিয়ে আলোচনা করেন এবং তারা দুজনেই সময়ের সাথে অনেক শান্ত হয়ে গেছেন। বর্তমানে তাদের সন্তানই তাদের পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান এই গায়িকা।





