পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন বা ইএসজি (ESG) কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 'ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬'-এ চারটি পুরস্কার অর্জন করেছে উর্মি গ্রুপ। এর মধ্যে তিনটি পুরস্কার প্রতিষ্ঠান হিসেবে এবং একটি ব্যক্তিগত পর্যায়ে দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর শনিবার রাজধানীর লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। উর্মি গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত সুইডেন, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুরস্কারের ক্যাটাগরিগুলোর মধ্যে উর্মি গ্রুপ ‘এক্সিলেন্স ইন অ্যাকসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ডিজাইন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছে। পাশাপাশি ‘এক্সিলেন্স ইন জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন লিডারশিপ অ্যাডভান্সমেন্ট’ এবং ‘এক্সিলেন্স ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ ক্যাটাগরিতেও প্রতিষ্ঠানটি স্বীকৃতি লাভ করেছে।
ব্যক্তিগত পর্যায়ে ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন। জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব প্রদান এবং প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি বা টেকসই উন্নয়ন অগ্রাধিকারকে এগিয়ে নেওয়ার অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
উর্মি গ্রুপের এই অর্জন প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, এসব পুরস্কার তাদের অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ, জেন্ডার সমতা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং ও জলবায়ু কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। উল্লেখ্য, ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ যৌথভাবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।





