ভিয়েতনামে আয়োজিত এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস। বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি এই শিরোপা অর্জন করেন। এর আগে তিনি মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জয় করে বিশ্ব আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।
পেশাগত জীবনে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল জোহেইরি মোলা ‘ভয়েস অব টুমোরো’ নামে একটি উদ্যোগ পরিচালনা করেন। এর মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানোসহ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করছেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। সেরা ছয় প্রতিযোগীকে নিয়ে আয়োজিত একাধিক পর্বের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করা হয়।
এবারের আয়োজনে প্রতিযোগীদের কয়েকটি ধাপে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ছিল প্রাথমিক পর্বের বিভিন্ন চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চে সরাসরি অনুষ্ঠিত বিভিন্ন পর্ব। প্রতিযোগীদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়েছিল।
এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্যদিকে, ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাসে প্রাথমিকভাবে নিজ মহাদেশের সেরা ছয়জনের মধ্যে থাকলেও শেষ পর্যন্ত সেরা চল্লিশে জায়গা করে নিতে পারেননি।
এবারের প্রতিযোগিতায় মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়—আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ বিউটি উইথ আ পারপাসে প্রাথমিকভাবে নিজ মহাদেশে সেরা ৬–এ থাকলেও ফাইনালে সেরা চল্লিশে জায়গা করে নিতে পারেননি।





