রাজধানীর শনির আখড়ায় মো. আসলাম খান (৪০) নামে এক কোকারিজ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কদমতলী থানার শনির আখড়া রয়্যাল হাসপাতালের সামনে ‘লাকী কোকারিজ’ নামে তার দোকানে এ হামলার ঘটনা ঘটে।
আহত আসলাম খানের বন্ধু আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে দুজন ব্যক্তি দোকানে প্রবেশ করেন। এরপর তাদের মধ্যে একজন আসলাম খানকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার বাঁ হাতের কনুইয়ের ওপরের অংশ ও মুখের ডান পাশে গুলি লাগে। স্থানীয় লোকজন ও দোকানের কর্মচারীরা তাৎক্ষণিক ধাওয়া করে গুলি করা ব্যক্তিকে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান।
আহত আসলাম খানকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ ব্যবসায়ীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
আনোয়ার হোসেন জানান, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আগে জমিজমা সংক্রান্ত বিষয়ে কারও সঙ্গে আসলাম খানের বিরোধ ছিল বলে তিনি শুনেছিলেন। ভুক্তভোগী আসলাম খানের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় এবং তিনি বর্তমানে শনির আখড়ার পলাশপুর এলাকায় বসবাস করেন।





