ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
রোববার (৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
তরুণদের ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজি, চাইনিজ ও জাপানি ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। তাদের ভাষা শিক্ষা এবং সংস্কৃতি চর্চাকে আরো গতিশীল করার লক্ষ্যে একটি কালচারাল সেন্টার নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ফকির মাহবুব আনাম বলেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, আমাদের অভিভাবকরা ভালো নেই। যেখানেই মাদককারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের ধরে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন এবং খুররম খান ইউসুফজি।





