মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে সেমিফাইনালে ফ্রান্স

প্রকাশ:

বোস্টনের স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ফ্রান্স। আক্রমণের ধারায় তারা এগিয়ে যাওয়ার সুযোগ পায় ম্যাচের ২৫তম মিনিটে। এমবাপেকে পেনাল্টি বক্সে নুসাইর মাজরাউই ফাউল করলে রেফারি স্পট-কিকের নির্দেশ দেন। তবে এমবাপের নেওয়া দুর্বল শটটি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু অনায়াসেই রুখে দেন। প্রথমার্ধে লুকা দিনের একটি দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসলে ফরাসিদের আরেকটি সুযোগ হাতছাড়া হয়। মরক্কোর রক্ষণভাগ দীর্ঘ সময় দৃঢ়তা বজায় রেখে ফরাসি আক্রমণ ঠেকিয়ে রাখে।

ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। ৬০তম মিনিটে এমবাপে দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন। এর ছয় মিনিট পর ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এই গোলটির পেছনেও বড় ভূমিকা ছিল এমবাপের। তার চমৎকার দৌড়ে মরক্কোর দুই ডিফেন্ডার সরে গেলে বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে যান দেম্বেলে। তার নেওয়া নিচু ও বাঁকানো শটটি গোলরক্ষক বুনুর স্পর্শ লেগে জালের নিচের কোণে আশ্রয় নেয়।

২-০ ব্যবধানের এই জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। বিদায়ী কোচকে স্মরণীয় বিদায় উপহার দেওয়ার লক্ষ্যে থাকা ফ্রান্স আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে। অন্যদিকে এই পরাজয়ে মরক্কোর এবারের বিশ্বকাপ স্বপ্নযাত্রা কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয়ে গেল।

শেয়ার করুন