২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা সরকারের

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা বর্তমান সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। এটি কেবল কোনো স্লোগান নয়, বরং এই লক্ষ্য অর্জনে চলতি দশকে রপ্তানি, বিনিয়োগ এবং আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে আইএসডিবি। এই প্রকল্পটিকে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল একটি লেনদেন নয়, বরং বাংলাদেশের প্রতি ইসলামি উন্নয়ন ব্যাংকের আস্থার বহিঃপ্রকাশ। এই প্রকল্পের ফলে বিপিসির বর্তমান পরিশোধন ক্ষমতা ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে ৪ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হওয়ার পাশাপাশি ইউরো-৫ মানসম্পন্ন তেল উৎপাদন বাড়বে এবং আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমবে।

তারেক রহমান বলেন, তার সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র এবং এই অঞ্চলের প্রবেশদ্বারে পরিণত করা। তিনি উল্লেখ করেন, পোশাকশিল্পের সাফল্যের পর এখন ইলেকট্রনিকস, ওষুধশিল্প, হালকা প্রকৌশল এবং সবুজ শিল্পকে পরবর্তী প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এছাড়া সামাজিক সুরক্ষা উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, হেলথ কার্ড প্রবর্তনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানে আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হতে পেরে গর্বিত। বাংলাদেশ সরকার ও ইসলামি উন্নয়ন ব্যাংকের মধ্যে ‘বাংলাদেশের পূর্বাঞ্চলীয় শোধনাগারের আধুনিকায়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের জন্য ১,০০৪.২৯ মিলিয়ন মার্কিন ডলারের (০০৪) অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আইসিএফ-এর মাধ্যমে সদস্য দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সুবিধা আরও বাড়বে। ড. আল জাসেরকে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিবর্তিত উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইএসডিবি’র সঙ্গে অংশীদারত্ব আরও উদ্ভাবনী ও ফলভিত্তিক হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি স্বাক্ষর করেন।

শেয়ার করুন