হাজারীবাগে ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা গুরুতর আহত

প্রকাশ:

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আলী জামান (৫৫) নামের এক স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজ দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত আলী জামান কালুনগর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন গাড়ি পার্টসের ব্যবসায়ী। তিনি হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহত বিএনপি নেতার ভাই সাদ রহমান জানান, পূর্ব-শত্রুতার জেরে রিপন, জনি, বাবুল, শামীম, জসিম ও সাহাবুদ্দিনসহ চিহ্নিত সন্ত্রাসী এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জন মিলে এই হামলা চালিয়েছে। তারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ করেন তিনি। হামলায় আলী জামানের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে একাধিক জখম রয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন