দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। গত ৯ জুলাই বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এই সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, র্যাব-১৪-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকমের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্ত সম্পন্ন করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত পর্যালোচনা করে রাষ্ট্রপতির অনুমোদনে তাদের চাকরি থেকে গুরুদণ্ড হিসেবে বরখাস্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিবরণও তুলে ধরা হয়েছে। এর মধ্যে মিশু বিশ্বাস আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে কর্মস্থলে যোগ দেননি। জুয়েল চাকমা ছুটি শেষ হওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আফজালুন নেছা তার মৌলিক প্রশিক্ষণে যোগ না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন এবং মাহমুদুল হাসান ওমরাহ পালনের ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় তার বিরুদ্ধে এই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





