জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ:

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বৃহস্পতিবার কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এএফপির দেওয়া তথ্যানুযায়ী, এই হামলার পর জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, ইরান থেকে জর্ডান ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ৮টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার ফলে কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জর্ডানের সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে যে, কোনো পক্ষকেই তাদের আকাশসীমা লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং শত্রুপক্ষের বিমান ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি পুনরায় কোনো আগ্রাসন চালায়, তবে এই অঞ্চলে অবস্থিত তাদের অন্য সব ঘাঁটি ইরানের ভারী হামলা থেকে নিরাপদ থাকবে না।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে টানা দ্বিতীয় দিনের মতো এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। এর আগে বুধবার ও বৃহস্পতিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালায়, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এই হামলা চালানো হয়। খবর এএফপির।

শেয়ার করুন