ভারতের রেলপথে যানজট এবং পণ্য বোঝাইয়ের ওপর বিধিনিষেধের কারণে কয়লা পরিবহনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার। বুধবার (২ আগস্ট) একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো বিবৃতিতে কোম্পানিটি এই ব্যাখ্যা প্রদান করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।
আদানি পাওয়ারের ভাষ্যমতে, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী রেক চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকের তুলনায় কয়লা সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে সাময়িকভাবে উৎপাদন সমন্বয় করতে হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমে যাওয়ায় পুরো অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লা সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলেও কোম্পানিটি উল্লেখ করেছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময় থেকে বেশিরভাগ ক্ষেত্রেই গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার বিপরীতে মাত্র ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আদানি পাওয়ার জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করতে দিনের অফ-পিক সময়ে সরবরাহ কমিয়ে রাখা হয়েছে।
কোম্পানিটি আরও জানায়, তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত রাখছে। ভারতীয় রেলের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে দ্রুত স্বাভাবিক রেকের প্রাপ্যতা নিশ্চিত করা যায়। বিদ্যুৎ সরবরাহের ওপর প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে এবং কেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে তারা সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও দাবি করেছে আদানি পাওয়ার। কোম্পানিটি আশা প্রকাশ করেছে যে, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।





