জর্ডানের ‘ক্যাম্প তিতিন’-এ অবস্থানরত মার্কিন মেরিন সেনাদের ব্যারাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে এই হামলা চালানো হয়েছে বলে ইরান দাবি করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ক্যাম্পটির একাধিক স্থাপনা ও শত্রুপক্ষের অ্যাটাক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। আইআরজিসির ভাষ্যমতে, ওই হামলার জবাবেই তারা পাল্টা এই আক্রমণ চালিয়েছে এবং ভবিষ্যতে ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকবে। গত জুলাই মাসের পর রোববার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে কঠোর হামলার হুমকি দিয়েছিলেন।
ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যে হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর কুহেস্তাকের একটি আবাসিক এলাকাও রয়েছে। এছাড়া বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কোনারাক, চাবাহার, জাস্ক, সিরিক, লাভান ও আসলুয়েহ এলাকাগুলো মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এসব হামলার জবাবে পাল্টা আঘাত হানে, তবে দেশটির ওপর আরও কঠোর হামলা চালানো হবে।





