ইরানের দুটি তেল ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর সরাসরি হামলা

প্রকাশ:

ইরানের উপকূলীয় অঞ্চলে রাতভর অভিযান চালিয়ে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড ক্রপসের (আইআরজিসি) দুটি তেলবাহী ট্যাঙ্কারে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে চালানো এই মার্কিন হামলার ঘটনা দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে।

সংবাদমাধ্যম এক্সিওসের বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি জাহাজে হামলা চালাল। এর আগে মার্কিন বাহিনীর পক্ষ থেকে ইরানের তেলবাহী জাহাজগুলোর চলাচলে শুধু বাধা দেওয়া হতো। মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাঙ্কারের বদলে ট্যাঙ্কার’ নীতির অনুমোদন দিয়েছেন। এই নীতির অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এর অর্থ হলো, ইরান যদি ভবিষ্যতে কোনো ট্যাঙ্কারে হামলা চালায়, তবে পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিনিরা তাদের ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করবে।

হামলার শিকার ট্যাঙ্কার দুটি ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। মার্কিন বাহিনী এ সময় ট্যাঙ্কারগুলোর ওপর ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে, যা সরাসরি ইঞ্জিন রুমে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম জানিয়েছে, গত কয়েক দিনে ইরান যেসব ট্যাঙ্কার ও মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে, তার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে এবং এই ট্যাঙ্কার হামলা সেই পরিকল্পনারই একটি অংশ। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আরও জানিয়েছেন, গতকাল রাতে ইরানের ওপর প্রায় ১০০টি হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন