নকলের দায়ে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল, সাত শিক্ষার্থী বহিষ্কৃত

প্রকাশ:

প্রকাশ্যে নকলের অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বাউবি’র তথ্য ও গবেষণা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: খালেকুজ্জামান খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে এই অনিয়মের ঘটনা ঘটে। বিষয়টি ২৮ ও ২৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের কঠোর সিদ্ধান্তের অংশ হিসেবে কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল করে এর পরিবর্তে গাংনী মহিলা ডিগ্রি কলেজকে নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট সাতজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, গত ২৮ আগস্ট দায়িত্ব পালনে অবহেলা এবং নকল প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে কক্ষ পরিদর্শক সহকারী অধ্যাপক মো: হাবিবুর রহমান ও মো: রফিক-উজ-জামানকে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর সকল কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।

ঘটনার তদন্তে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নকল বা পরীক্ষায় কোনো ধরনের অসদুপায়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। পরীক্ষার স্বচ্ছতা ও মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না।” তিনি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী ও কেন্দ্র কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। এছাড়া, কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

শেয়ার করুন