জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকলেও তাকে নিয়ে আলোচনার রেশ কাটেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা তিনি ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান। অতীতে জীবনে যেসব পাপ করেছেন, সেগুলো থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পপির সেই বক্তব্যের পর অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়ে শিল্পীর পরিচয় ও মূল্যবোধ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন। যদিও প্রভা তার পোস্টে কোথাও পপির নাম উল্লেখ করেননি, তবুও পপির সাম্প্রতিক বক্তব্যের পরপরই এই পোস্ট আসায় নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।
প্রভা তার পোস্টে লিখেছেন, 'একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।' তিনি সংস্কৃতিচর্চায় শিক্ষা ও মূল্যবোধের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, 'আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।'
একজন শিল্পীর মর্যাদা প্রসঙ্গে প্রভা আরও স্পষ্ট করে বলেন, 'শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।' যদিও প্রভা সরাসরি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি, তবুও পপির ধর্মীয় জীবনযাপনের ইচ্ছা এবং প্রভার এই পোস্টের যোগসূত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।





