কাজের বিরতি কাটিয়ে শুটিংয়ে ফেরার সুখবর দিলেন রাশমিকা মান্দানা

প্রকাশ:

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফেরার সুখবর জানিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। হিপের চোটের কারণে শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন অভিনয় জগত থেকে দূরে থাকলেও, এখন তিনি সুস্থ হয়ে দ্রুতই শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি সময়ের বিভিন্ন মুহূর্তের একটি কোলাজ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ওই ভিডিও ও ছবিতে তাকে পরিবারের সাথে সময় কাটানো, পোষা কুকুরের সাথে খেলাধুলা, পূজা দেওয়া, বাগান করা এবং ধাঁধা মেলানোর মতো ঘরোয়া কাজে ব্যস্ত দেখা গেছে। এই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’

জানা গেছে, আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিং সেটে কাজ করার সময় হিপে চোট পেয়েছিলেন রাশমিকা। চিকিৎসকের কঠোর পরামর্শে তখন তাকে বাধ্যতামূলক বিরতিতে যেতে হয়েছিল। চোট পাওয়ার আগে তিনি একাধিক সিনেমার কাজে বেশ ব্যস্ত সময় পার করছিলেন।

বর্তমানে রাশমিকা বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘রণবালী’ সিনেমাতেও অভিনয় করছেন। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ শাসনামলের ভারতের ইতিহাসের অজানা কিছু অধ্যায় নিয়ে নির্মিত হয়েছে। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন