বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো তাদের নতুন স্মার্টফোন 'ভিভো ভি৮০ লাইট ফাইভজি' বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে। 'স্লে এভরি এজ' স্লোগান নিয়ে আসা এই ফোনটি তরুণদের প্রিমিয়াম লাইফস্টাইল, স্মুথ পারফরম্যান্স এবং আধুনিক ক্যামেরার চাহিদাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে।
ভিভো ভি৮০ লাইট ফাইভজিতে রয়েছে একটি প্রিমিয়াম কার্ভড ডিসপ্লে এবং আধুনিক স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। এর ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট এইচবিএম ব্রাইটনেস সমর্থন করে। নতুন এই হ্যান্ডসেটটি 'সিল্ক হোয়াইট' ও 'স্যাফায়ার ব্লু'—এই দুটি আকর্ষণীয় ও নান্দনিক রঙে বাজারে পাওয়া যাচ্ছে, যা এর স্কাইলাইন আড়াআড়ি ক্যামেরা বিন্যাসের সাথে মানানসই।
স্মার্টফোনটির শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ৪ ন্যানোমিটার প্রযুক্তির ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিংয়ে দ্রুতগতি নিশ্চিত করার পাশাপাশি, ৮ জিবি এক্সটেন্ডেড র্যামের সমন্বয়ে ফোনটি টানা ৫০ মাস বা তার বেশি সময় ধরে স্মুথ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়।
ছবি তোলার জন্য ভিভো ভি৮০ লাইট ফাইভজিতে সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা উন্নত মানের ছবি তোলার অভিজ্ঞতা দেবে। দীর্ঘ সময় ব্যাকআপের জন্য এতে ৭০৫০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে। এছাড়াও, টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংয়ের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে।
ভিভো ভি৮০ লাইট ফাইভজি দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে বাজারে বিক্রি হচ্ছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৫৯,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা। সাধারণ গ্রাহকদের ক্রয়ের সুবিধার্থে এতে ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ (০%) সুদে ইএমআই এবং হায়ার পারচেজ সুবিধা প্রদান করা হচ্ছে।





