নেপালে চলমান ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে একটি ব্যাংকের ভল্ট ভেসে আসার ঘটনা ঘটেছে। রাসুয়া ও উজানের এলাকা থেকে ত্রিশূলী নদী হয়ে ভল্টটি ধাদিং-এ পৌঁছালে স্থানীয়রা সেটি ভেঙে ভেতর থেকে অর্থ লুট করে। এই ঘটনায় ২৯ জনকে আটক করেছে নেপাল পুলিশ ও সশস্ত্র বাহিনীর যৌথ টহল দল। আটককৃতদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, ধাদিং জেলা পুলিশ কার্যালয়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া ও তদন্ত শুরু হয়েছে।
একইসঙ্গে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুই ব্যক্তিকে আটক করেছে নেপাল পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ তাদের শনাক্ত করে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিরা কাঠের তক্তা ও নারীর চুল ধরে মরদেহটি পানির স্রোত থেকে টেনে তুলছেন এবং এরপর নারীর দুই কান থেকে কানের দুল খুলে এক পাশে রাখছেন। ঘটনাস্থলে উপস্থিত অন্যদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে।
তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ২ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে বহু গ্রাম, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎকেন্দ্র ভেসে গেছে। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, পুনর্গঠনের জন্য প্রাথমিক হিসাবে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। তিনি রয়টার্সকে জানান, ২০১৫ সালের ভূমিকম্পের তুলনায় এবারের পুনর্গঠনে কম অর্থ লাগতে পারে, তবে পূর্ণাঙ্গ হিসাব এখনো চলছে। দুর্গম এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সংস্থা উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।





