আর্থিক সংকটে থাকা বিভিন্ন বীমা কোম্পানির সম্পদ বিক্রি এবং ট্রেজারি বন্ড ও এফডিআরসহ অন্যান্য আর্থিক সম্পদ নগদায়নের মাধ্যমে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানিয়েছেন, প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানির গ্রাহকদের দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু কোম্পানির সম্পদ বিক্রির অর্থ আইডিআরএ’র তদারকিতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে।
গ্রাহকদের দাবি পরিশোধের ক্ষেত্রে ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট’ (এফআইএফও) পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান। অর্থাৎ যেসব গ্রাহকের দাবি আগে এসেছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ প্রদান করা হবে। প্রতিটি কোম্পানির জন্য পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখানে নিরীক্ষক নিয়োগ করা হয়েছে, যাতে কোম্পানিগুলো সরাসরি অর্থ ব্যবহারের সুযোগ না পায়। আইডিআরএ’র তদারকিতে নিরীক্ষকদের যাচাইকৃত তালিকা অনুযায়ী এই অর্থ পরিশোধ করা হবে।
বকেয়া দাবি পরিশোধের ক্ষেত্রে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদাহরণ দিয়ে মীর নাদিয়া নিভিন জানান, কোম্পানিটির প্রায় ৩ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির প্রথমবর্ষের নতুন প্রিমিয়াম সংগ্রহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবে নবায়ন প্রিমিয়াম গ্রহণের সুযোগ রয়েছে। ফেনীতে থাকা ফারইস্টের একটি জমি ও কিছু বন্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে আগামী সপ্তাহ থেকেই দাবি পরিশোধ শুরু হবে। পর্যায়ক্রমে কোম্পানিটির আরও জমি বিক্রির দরপত্র দেওয়া হচ্ছে এবং সব সম্পদ ও বন্ড তরলীকরণ করা হলে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, কোনো কোম্পানি যদি ব্যবসায়িক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে এবং গ্রাহকদের একটি বড় অংশের দাবি পরিশোধ করতে সক্ষম হয়, তবে তাদের সংকট কাটিয়ে ওঠার সুযোগ রয়েছে। বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা আইডিআরএ’র অন্যতম প্রধান লক্ষ্য। দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। আইআরএফ সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরএফ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।





