বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। এই বিশেষ দিনটিকে স্মরণ করে বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে দোয়া মাহফিল, কোরআন খতম, মিলাদ এবং এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
পরিবার ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষ থেকে সৈয়দা ইকবাল মান্দ বানু, শাহিনা খান জামান ও জুবাইদা রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নৌবাহিনীর বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, এতিমখানা ও মাদ্রাসায় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
দেশের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরেও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণে বিশেষ মিলাদ ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জনকল্যাণমূলক কাজে তার অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেটের বিরাহিমপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আহমেদ আলী খান ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার। তিনি ঢাকা কলেজ থেকে পড়াশোনা শেষে ১৯৫২ সালে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন এবং যুক্তরাজ্যের রয়্যাল নেভাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
কর্মজীবনে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালের ৪ নভেম্বর তিনি বাংলাদেশের ৩য় নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮০ সালে রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন। এছাড়া তিনি যোগাযোগ মন্ত্রী (রেলপথ, সড়ক ও নৌপরিবহন) হিসেবে কাজ করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর বেতন ও পেনশন কমিটি এবং প্রশাসনিক পুনর্গঠন জাতীয় বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।





