১৮ মন্ত্রীর পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার

প্রকাশ:

দেশের মন্ত্রিসভার ১৮ জন সদস্যের পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে সকল মন্ত্রী এই সুবিধার আওতামুক্ত নন। নির্দিষ্ট ৬ জন মন্ত্রী এবং মন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা আগের মতোই এসকর্ট সুবিধা পাবেন।

পুলিশ জানিয়েছে, ঢাকায় এই সুবিধা প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা ঢাকার বাইরে ভ্রমণের সময় সব ধরনের এসকর্ট সুবিধা পাবেন। যেসব মন্ত্রী এই সুবিধা বহাল রেখেছেন তাদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী মর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সরকারের সাশ্রয় নীতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর গাড়িবহরের গাড়ির সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, মন্ত্রীদের এসকর্ট প্রত্যাহার করার ফলে পুলিশের জ্বালানি ও জনবল সাশ্রয় হবে। একই সঙ্গে এটি ঢাকার যানজট কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। যদিও মন্ত্রীদের এসকর্ট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

শেয়ার করুন