৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির ওপর নির্ভরশীল নয়: আরাঘচি

প্রকাশ:

মধ্যপ্রাচ্যের স্থিতিশীল ও টেকসই নিরাপত্তার বিষয়টি বাইরের কোনো শক্তি বা পরাশক্তির ইচ্ছার ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই অঞ্চলের নিরাপত্তা অন্য কোথাও থেকে নির্ধারণ করা সম্ভব নয়। ১৯ সেপ্টেম্বর, শনিবার ইন্দোনেশিয়ার ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আরাঘচি বিশ্বশান্তি ও আন্তর্জাতিক আইনের গুরুত্ব তুলে ধরে বলেন, যদি কেবল পরাশক্তিগুলোর স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করা হয়, তবে সেখানে আইনের শাসনের কোনো ভিত্তি থাকে না। বর্তমান সময়ে বিশ্বের জন্য বহুপাক্ষিকতার প্রয়োজনীয়তা অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন এসব প্রতিষ্ঠান আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বা আইন ভঙ্গকারীদের জবাবদিহিতার আওতায় আনতে ব্যর্থ হয়, তখন তাদের গ্রহণযোগ্যতা ও বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়া অনিবার্য।

বক্তব্যের শেষ পর্যায়ে আরাঘচি পুনর্ব্যক্ত করেন যে, সামরিক উপস্থিতি বা বলপ্রয়োগের মাধ্যমে শান্তি আসে না। বরং আঞ্চলিক দেশগুলোর মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, আস্থা বৃদ্ধি এবং নিরন্তর সংলাপের মাধ্যমেই কেবল টেকসই নিরাপত্তা অর্জন করা সম্ভব।

শেয়ার করুন