কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ লম্বরী এলাকায় মো. ইব্রাহীমের বাড়িতে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃতদের মধ্যে বান্দরবানের লামা এলাকার মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন, মো. জাফর আলম রয়েছেন। এছাড়া কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ থেকে আসা মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের ও মো. নুর মোস্তফাকে উদ্ধার করা হয়েছে।
তদন্তকারী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় এবং জবরদস্তিমূলক শ্রম আদায়ের ফাঁদে ফেলে এই ব্যক্তিদের নৌপথে বিদেশে পাচারের জন্য জড়ো করেছিল। অভিযানে নেতৃত্বদানকারী এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, পাচারকারী চক্রটি নিরীহ মানুষদের নৌপথে বিদেশে পাঠানোর জন্য গোপন অবস্থানে আটকে রেখেছিল। এ ঘটনার সাথে জড়িত পাচারকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।





