১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানি ভাষা শিখলে বাড়বে কর্মসংস্থান: ড. আব্দুল মঈন খান

প্রকাশ:

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে সফলভাবে কাজে লাগাতে হলে আমাদের তরুণ প্রজন্মকে জাপানি ভাষায় বিশেষ দক্ষ হতে হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ‘জাপান-বাংলাদেশ যৌথ পার্টনার সেমিনার’ শীর্ষক এই আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক নিছক প্রাতিষ্ঠানিক নয়, বরং এটি একটি গভীর বন্ধুত্বের বন্ধন। এই সম্পর্ককে আরও জোরদার এবং কার্যকর করতে পারস্পরিক আন্তরিকতা ও যোগাযোগের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, দুই দেশের শাসনব্যবস্থা, রাজনৈতিক কাঠামো এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে কাঠামোগত ভিন্নতা রয়েছে; ফলে একে অপরের প্রেক্ষাপট অনুধাবনের প্রয়োজনীয়তাও অনেক বেশি।

দক্ষ শ্রমিকদের জাপান যাত্রার পথ সুগম করতে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, শুধু ভাষা নয়, বরং প্রশিক্ষণ ব্যবস্থাকেও আন্তর্জাতিক মানের করে তুলতে হবে যাতে কর্মীরা সেখানে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রশিক্ষণ প্রক্রিয়া আরও সহজলভ্য ও আধুনিক করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য বক্তারা জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ভাষা শিক্ষার সুযোগ বাড়িয়ে কীভাবে জাপানে আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানো যায়, তা নিয়ে সেমিনারে বিশদ আলোচনা করা হয়। প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির এই সমন্বিত প্রচেষ্টা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

শেয়ার করুন