দেশের গ্যাস পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বঙ্গোপসাগরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হয়েছিল। এর প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাসের চাপে ঘাটতি দেখা দিলেও এখন সংকট কেটে যাচ্ছে। প্রতিমন্ত্রী জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে ও গ্যাস খালাস করতে কিছুটা বিঘ্ন ঘটেছিল, যার সাময়িক প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যায়।
প্রতিমন্ত্রী আরও জানান, শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে পুনরায় এলএনজি খালাস কার্যক্রম শুরু হয়েছে। ফলে আজকের দিনের মধ্যেই দেশের সার্বিক গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এলএনজি আমদানিতে সৃষ্ট এই যান্ত্রিক ও প্রাকৃতিক জটিলতা দ্রুত কাটিয়ে ওঠার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।
একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যশোরবাসীর জন্য চিকিৎসা সংক্রান্ত একটি সুখবর প্রদান করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। এর ফলে হৃদরোগীরা স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পাবেন এবং তাদের চিকিৎসার জন্য অন্য কোনো জেলায় যেতে হবে না। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





